প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 6, 2025 ইং
খাদ্য সংকটে দক্ষিণ আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।
দক্ষিণ আফ্রিকার উপকূলে আফ্রিকান পেঙ্গুইনদের ওপর নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সার্ডিন মাছের ঘাটতির কারণে ৬০ হাজারেরও বেশি পেঙ্গুইন না খেয়ে মারা গেছে। প্রজনন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়গুলোতে প্রয়োজনীয় খাদ্য না পাওয়ায় বহু পাখি মোল্টিং চলাকালীনই দুর্বল হয়ে পড়ে। গবেষকরা জানিয়েছেন, ডাসেন দ্বীপ ও রবিন আইল্যান্ডসহ কয়েকটি স্থানে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত পেঙ্গুইন সংখ্যা দ্রুত কমে গেছে, যা প্রায় নিঃশেষ হওয়ার পর্যায়ে পৌঁছায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় পানির তাপমাত্রা ও লবণাক্ততার পরিবর্তন সার্ডিনের বংশবৃদ্ধি কমিয়ে দিয়েছে, অন্যদিকে অতিরিক্ত মাছ শিকারের ফলে খাদ্যাভাব প্রকট হয়ে উঠেছে। আফ্রিকান পেঙ্গুইনরা বছরে একবার পালক পরিবর্তনের সময় প্রায় তিন সপ্তাহ স্থলে অবস্থান করে এবং সে সময় শরীরের সঞ্চিত চর্বার ওপর নির্ভর করে। কিন্তু খাদ্যস্বল্পতার কারণে অনেক পাখি এই কঠিন সময় টিকতে পারছে না এবং অধিকাংশই সমুদ্রে ভেসে না উঠে নিঃশব্দেই মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা দীর্ঘদিন ধরেই কমছে এবং গত তিন দশকে এ প্রজাতি প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৪ সালে তাদের ‘অতিসংকটাপন্ন’ প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়, বর্তমানে প্রজননক্ষম জোড়া নেমে এসেছে দশ হাজারের নিচে। গবেষকরা সতর্ক করেছেন, খাদ্যশৃঙ্খলের এই সংকট সমাধান না হলে পেঙ্গুইনের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD